08th Jul 2008

তুরস্কে অভ্যুত্থান পরিকল্পনার আরো কিছু তথ্য ফাঁস

তুরস্কের সাম্প্রতিক ঘটনাবলী এবং সেদেশে “এরগেনে কোন” নামে একটি বেআইনী চক্রের তৎপরতার কথা ফাঁস হয়ে যাওয়ার পর বিষ্ময়ের সৃষ্টি হয়েছে। একটি তুর্কী দৈনিকে অভ্যুত্থানের ব্যাপারে তুরস্কের সাবেক নৌ কমান্ডারের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। অবশ্য এর আগেও গত বছর দৈনিকটিকে এই নৌ কমান্ডারের সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে তিনি ২০০৪ সালে অভ্যুত্থান প্রচেষ্টার কিছু ঘটনার কথা ফাঁস করে দিয়েছিলেন। কিন্তু এ দৈনিকটি গত সোমবারের সংখ্যায় সরকারের বিরুদ্ধে “এরগেনে কোন” চক্রের তৃতীয় অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনা ফাঁস করে দেয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগের দুটি অভ্যুত্থান প্রচেষ্টায়ও এই চক্রের হাত ছিল।

বলা হচ্ছে এবারের অভ্যুত্থান প্রচেষ্টা এর আগের দুটি অভ্যুত্থান প্রচেষ্টার চাইতেও মারাত্মক ছিল। চলতি মাসের এক তারিখে জেনারেল আরাভিগোকে গ্রেফতারের সময় এবং কিছু তথ্য ও দলিল প্রমান হস্তগত হওয়ায় ঐ অভ্যুত্থান পরিকল্পনার বিষয়টি ফাঁস হয়ে যায়। এই সব দলিল প্রমান “এরগেনে কোন” চক্রের সাথে সংশ্লিষ্ট বলে প্রমাণিত হয়েছে। তাই “এরগেনে কোন” চক্রের বিষয়টি যদি আরো গভীরভাগে খতিয়ে দেখা যায় তাহলে তাদের গোপন তৎপরতার আরো অনেক রহস্য উৎঘাটিত হবে। বলা হচ্ছে এই চক্রটি দীর্ঘ দিন ধরে তুরস্কের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য চেষ্টা চালিয়ে আসছে।
এদিকে “এরগেনে কোন” চক্রের তৎপরতার বিষয়টি খতিয়ে দেখার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি চুড়ান্ত বা শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত “এরগেনে কোন” চক্রের ৬০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক দুই জেনারেলকে পাওয়া গেছে যারা অভ্যুত্থান পরিকল্পনার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ইস্তাম্বুলের সরকারী কৌসুলী ঐ দুই জনকে সশ্রম কারাদন্ড দেয়ার আবেদন জানিয়েছেন। তাই এই চক্রের বিরুদ্ধে বিচার ও এদের আরো সদস্যকে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং তাদের গোপন তৎপরতার নতুন নতুন দিক উন্মোচিত হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.