10th Jul 2008

(বাংলাদেশের) ইসলামী ব্যাংক চতুর্থ সেরা করদাতা

স্টাফ রিপোর্টারঃ দেশী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সেরা করদাতা। ২০০৭-০৮ অর্থবছরে এই প্রতিষ্ঠান ১৬১ কোটি টাকা সরকারকে কর প্রদান করেছে যা ২০০৬-০৭ অর্থবছরের চেয়ে ৬০ ভাগ বেশি। 
 
সমাপনী অর্থবছরের রাজস্ব আহরণ সম্পর্কিত এক প্রেস ব্রিফিং-এ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত অর্থ বছরে যারা সবচেয়ে বেশি কর প্রদান করেছে এমন দশটি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে গ্রামীণ ফোন লিমিটেড প্রথম, বিদেশী ব্যাংক স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক দ্বিতীয়, গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ তৃতীয় এবং ইসলামী ব্যাংক চতুর্থতম স্থানে রয়েছে। এদেরকে পুরস্কৃত করা হবে।

ইসলামী ব্যাংকের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেশী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে ভাল করেছে। এটি দ্রুত উন্নতি করছে। কারণ এই ব্যাংকটি ২০০৪-০৫ অর্থবছরে ২ কোটি, ২০০৫-০৬ অর্থবছরে ৬৫ কোটি এবং ২০০৬-০৭ এ ১০১ কোটি টাকার কর দিয়েছে। সেখান থেকে এক লাফে ১৬১ কোটি টাকার কর প্রদান করেছে। যা খুবই ইতিবাচক।

উল্লেখ্য, করদাতা হিসেবে গত অর্থবছরে ইসলামী ব্যাংকের পরে সাউথ ইস্ট ব্যাংক ৮৮ কোটি টাকা, পুবালী ব্যাংক ৭৮ কোটি টাকা, সিটি ব্যাংক এন এ ৭৬ কোটি টাকা এবং প্রাইম ব্যাংক ৬৭ কোটি কর প্রদান করেছে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.