10th Jul 2008
লন্ডনে শেখ হাসিনার সাথে সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
লন্ডন থেকে এনাঃ বিশেষ কারাগারে আটক দুই নেত্রীর সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপন বৈঠকের জের হিসেবে প্যারলে মুক্তিপ্রাপ্ত শেখ হাসিনার সাথে পুনরায় সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তার বৈঠক হয় সেন্ট্রাল লন্ডনে। ৭ জুলাই দুপুরে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে অত্যন্ত গোপনে অনুষ্ঠিত এ বৈঠকের ব্যাপারটিও কম্যুনিটিতে জানাজানি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে সংক্রান্ত চূড়ান্ত আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যে ৬ জুলাই কানাডা থেকে লন্ডনে এসেছেন শেখ হাসিনা। এরপর তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন চিকিৎসার ফলোআপের জন্য। এমনি অবস্থায় তার প্যারলে মুক্তির মেয়াদও ফুরিয়ে যাবে। এরপর তিনি ঢাকায় ফিরে যাবেন নাকি চিকিৎসার জন্যে আরো বেশী সময় প্রার্থনা করবেন তা নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে ঢাকা থেকে উড়ে আসেন সরকারের ঐ গুরুত্বপূর্ণ কর্মকর্তাটি। সূত্রমতে, ঐ কর্মকর্তা শেখ হাসিনার সাথে বৈঠকের পরই ফিরে গেছেন ঢাকায়।
ঘন্টাখানেক তারা আলোচনা করেন বলেও সূত্রটি উল্লেখ করেছে। তবে কী আলোচনা হয়েছে তা কেউই জানতে পারেননি। কম্যুনিটিতে এ বৈঠক নিয়ে প্রচন্ড কৌতুহল পরিলক্ষিত হচ্ছে। অনেকে বলেছেন, ফোন করেই যেখানে সবকিছু সেরে নেয়া সম্ভব, সে ক্ষেত্রে সরকারী অর্থ ব্যয় করে ঢাকা থেকে লন্ডনে এসে এ ধরনের বৈঠকের আদৌ প্রয়োজন ছিল কি? তবে শেখ হাসিনার সাথে সরকারের কথিত কর্মকর্তার বৈঠকের তথ্যটির সমর্থনে সরকারী কোন ভাষ্য পাওয়া যায়নি এ সংবাদ লিখা পর্যন্ত। এমনকি শেখ হাসিনার সাথে সংশিষ্ট ব্যক্তিবর্গও অস্বীকার করেছেন এমন কোন বৈঠকের তথ্য।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.