10th Jul 2008

আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও তা গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। আজ ( বৃহস্পতিবার) বিকেলে দুদকের সহকারি পরিচালক মোজাহার আলী সরদার রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাজেদা চৌধুরী কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ১৩ লাখ ৭৫ হাজার ২১৩ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং তা অবৈধ উপায়ে অর্জন করেছেন।

এদিকে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেবার ঘটনায় ঘুষ গ্রহনের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানী বৃহস্পতিবার শেষ হয়েছে । আগামী ১৪ জুলাই মামলার অভিযোগ গঠন করার বিষয়ে রায় দেবে আদালত । তারেক রহমানের আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তারা আরো দাবি করেন, তারেক রহমান যাতে রাজনীতি করতে না পারে সে জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। এদিকে তারেক রহমানের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে। বোর্ডের সদস্য ডাক্তার কাজী মাজহারুল ইসলাম বলেন মেরুদন্ডে অবিলম্বে অস্ত্রোপাচার করা না হলে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়বেন। অন্যদিকে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল নেতা কর্মীরা। (মনজুর রশিদ,ঢাকা থেকে)

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.