10th Jul 2008

ঐক্যের ব্যাপারে খালেদা জিয়ার আহবান : রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিক্রিয়া

কারাবন্দি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আদালতে বলেছিলেন, দেশের এই সংকটকালে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তার এই মন্তব্যের ব্যাপারে দেশের রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম- বেগম খালেদা জিয়া রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হবার যে আহবান জানিয়েছেন আপনি কি তা সমর্থন করেন ? জবাবে তিনি বলেন, রাজনৈতিক আদর্শের কারণেই বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক মতপার্থক্য রয়েছে। কাজেই তাদের সাথে আওয়ামী লীগ ঐক্য হতে পারে না।

তিনি বলেন, তার ভাষায়- বিএনপি জঙ্গিবাদকে লালন করে তাই তাদের সাথে আওয়ামী লীগের সমঝোতা হতে পারে না। বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ১৪ দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যকে তার নিজস্ব মতামত বলে মনে করেন বেগম মতিয়া চৌধুরী। বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ডক্টর রেজোয়ান সিদ্দিকি বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য এই মূহুর্তে রাজনৈতিক দলগুলোকে এক সাথে কাজ করা উচিত। তিনি মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আহবান জানিয়েছেন তা যুক্তিযুক্ত। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টিকে নাকোচ করে দেয়ার সমালোচনা করেন রেজোয়ান সিদ্দিকি। তিনি বলেন, তার ভাষায়- আওয়ামী লীগ সরকারের সাথে সমঝোতা করেছে। কাজেই সরকারের সকল কাজের বিষয়ে তারা সমর্থন করবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের এ ধরনের মনোভাব তাদেরকে ‘৯০ সালের দিকে নিয়ে যেতে পারে। তিনি মনে করেন রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনই চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে পারে। বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার মনে করেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হতে পারে। তবে বেগম খালেদা জিয়া কি সামাজিক ঐক্যের কথা বলেছেন, না বৃহত্তর ঐক্যের কথা বলেছেন তা দেখা উচিত। তিনি বলেন, সামাজিক স্বার্থের জন্য ঐক্য হলে তা ভঙ্গুর হয়ে যাবে। ঐক্যের ব্যাপারে আওয়ামী লীগের নেতিবাচক কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি প্রক্রিয়ার মধ্যে আছে। তারা সরকারের সাথে সমঝোতা করেছে। তবে জামায়াত ইসলামী বিএনপির সাথে থাকায় আওয়ামী লীগ তাদের সাথে ঐক্য করতে নারাজ বলে মনে করেন তিনি। গোলাম সরোয়ার মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈকের কারণেই দেশ আজ এই সমস্যার সম্মুখীন হয়েছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো নিজেরদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক সাথে কাজ করলে চলমান অবস্থা কেটে যেতে পারে বলে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন । ( বেনজির আহমেদ,ঢাকা থেকে )

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.