11th Jul 2008
বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন নিয়ে সংশয়
১১ জুলাই : বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবার কথা বললেও তাদের অর্জন নিয়ে সাধারণ মানুষের মাঝে নানান সংশয়ের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা রাজনীতিতে গুনগত পরিবর্তনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাধারণ মানুষ বলছেন, বর্তমানে ৪টি সিটি ও ৯টি পৌরসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে অংশ গ্রহন করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিবর্গ নির্বাচনে অংশ নিলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিতে পারছে না কমিশন। কমিশনের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, বিধি-বিধানের কাছে তারা বন্দি।
বর্তমান সরকার রাজনীতিতে একটি গুনগত পরিবর্তনের মাধ্যমে একটি পরিছন্ন রাজনৈতিক পরিবেশ সৃষ্টির অঙ্গীকার করেছিলেন; যেখানে কালো টাকার মালিক, দুর্নীতিবাজ সন্ত্রাসী, ঋণখেলাপিরা কোন নির্বাচনে অংশ নিয়ে জনগণের প্রতিনিধি হতে পারবে না। তাদের সেই লক্ষ্য কতখানি বাস্তবায়ন হতে যাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বাংলাদেশ রাষ্ট্র বিজ্ঞান সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড.এম, আতাউর রহমান। তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ও বর্তমানে অনেকটা নমনীয় অবস্থানে চলে এসেছে। ফলে রাজনীতিতে গুনগত পরিবর্তনের সম্ভাবনা অনেক কমে গেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের উপরেও জনগণের অনেক বেশি আস্থা থাকলেও কমিশন সে প্রত্যাশা পুরণে অনেকটা ব্যর্থ হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক সাদেক খান বলেন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দুর্নীতিবাজ, সন্ত্রাসী কালো টাকার প্রভাবমুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তিনি দাবি করেন, রাজনৈতিক গুনগত পরিবর্তনের ধারা শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে তা আরও বেগবান হবে। রাজনৈতিক বিশ্লেষকসহ সাধারণ মানুষ বলছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে,এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এটাই তাদের অন্যতম প্রত্যাশা।#
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.