11th Jul 2008
আস্থা ভোটে আমাদের জয় নিশ্চিত : সোনিয়া গান্ধী

১১ জুলাই : ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী আজ বলেছেন, আমরা নিশ্চিতভাবেই আস্থা ভোটে জয় লাভ করব। তিনি আজ ক্ষমতাসীন জোট ইউ.পি.এ-র সাথে বৈঠকে আরও বলেছেন, আমরা যে সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবো, এতে আমার কোন সন্দেহ নেই। আস্থা ভোটের জন্য এখন সবাই প্রস্তুত বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি জানিয়েছেন। রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবও আস্থা ভোটে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের বামপন্থী দলগুলো ভারত-মার্কিন পরমাণু চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর সংসদে আস্থা ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সাথে বৈঠকের পর আস্থা ভোট আয়োজনের কথা ঘোষণা করেন। ৫৪৩ আসন বিশিষ্ট ভারতের পার্লামেন্টে আস্থাভোটে জয়ী হওয়ার জন্য ২৭২টি আসনের প্রয়োজন।
বামপন্থীরা ইউপিএ জোট থেকে বেরিয়ে গেলেও কংগ্রেসের সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টি, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেয়ার অঙ্গীকার করেছে। কিন্তু বামপন্থীদের ৫৯ জন সাংসদ জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর সমাজবাদী পার্টির ৩৯টি আসন নিয়ে ইউপিএ সরকারের আসন সংখ্যা ২৬৩টিতে দাঁড়িয়েছে। ফলে আস্থাভোটে জয়ী হওয়ার জন্য মনমোহন সরকারকে আরো ৯টি আসন যোগাড় করতে হবে। এ কারণে ইউপিএ সরকার ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে জোটে ভেড়ানোর চেষ্টা করছে।#
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.