13th Jul 2008

আগস্টে উপজেলা, নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের এবং আগস্ট মাসে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “আগামী মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে হিসেবে অক্টোবরের প্রথমার্ধে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি উপজেলাগুলোর নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে।”
ইতোমধ্যেই ইসি উপজেলা পরিষদ অধ্যাদেশ পেয়েছে জানিয়ে এম সাখাওয়াত বলেন,

“রমজানের পরেই উপজেলা নির্বাচনের প্রার্থীরা যাতে প্রচারণা চালাতে পারেন সেজন্য নির্বাচনী তফসিল ঘোষণার পর ৪৫-৫০ দিন সময় রাখা হবে।”
রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের ৩য় সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- একথা জানিয়ে তিনি বলেন,”নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
নির্বাচন কমিশনার বলেন,”নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা শনিবার প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি। আমরা কবে নির্বাচন করব এবং সরকারকে কি করতে হবে তা তাকে বলেছি।”
উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত থাকবেন তাদেরকে শিগগিরই রদবদল করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন,”রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আখতারুজ্জামানকে অনতিবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।”
গত ৮ই জুলাই রিটার্নিং অফিসার রাজশাহী সিটি করপোরেশনের পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আখতারুজ্জামান তা বৈধ ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার বলেন,”আগামীতে নির্বাচন সংশ্লিষ্ট যেকোন কর্মকাণ্ডে কোন কর্মকর্তা গর্হিত কাজ করলে অবিলম্বে তাকে প্রত্যাহার করে নেবার কথা সরকারকে বলা হয়েছে।”
আসন্ন সিটি ও পৌরসভা নির্বাচনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে জানিয়ে তিনি বলেন, “কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রার্থিতাও বাতিল করবে নির্বাচন কমিশন।”
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “সোমবার থেকে চারটি সিটি ও নয় পৌরসভায় নির্বাচনী প্রচারণা শুরু হবে। এসব প্রচরণায় কোন রাজনৈতিক দল যেন কোন প্রার্থীর পক্ষে সরাসরি জড়িত না হয় এবং কেউ যেন দলীয় প্ল্যাটফর্ম ব্যবহার না করে।”
তিনি বলেন,”ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আমরা গণতন্ত্র উত্তরণের দিকে যাচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজনীতিবিদ ও ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগামী ১৭ জুলাই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে ইসির বৈঠক রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.