14th Jul 2008

চীনে উইঘর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বৃদ্ধি

ওয়াশিংটন থেকে ইসলাম অন লাইনঃ চীনের উইঘর মুসলমানদের উপর সরকারি দমন অভিযান নতুন নয়। সম্প্রতি দেশটিতে অলিম্পিক গেমস উপলক্ষে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেছে।

গত ৯ জুলাই সন্ত্রাসের অভিযোগে চীনের এক গোপন আদালতে ১৫ জন মুসলমানের বিচার করা হয়। এদের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৩ জনকে স্থগিত মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর বাকি ১০ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গণতন্ত্র ও মানবাধিকার সংস্থাগুলো চীনের গোপন আদালতের প্রহসনের নির্বাচনের নিন্দা করেছে। একই দিনে জিং ঝিয়াং প্রদেশের প্রাদেশিক রাজধানী উরুমচিতে পুলিশ ৫ জন উইঘর মুসলিমকে কোন ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই গুলী করে হত্যা করে। কর্তৃপক্ষ দাবি করেছে তারা ১৫ সদস্য বিশিষ্ট গ্রুপের সদস্য এবং তারা হামলার পরিকল্পনা করছিল। মার্কিন আইন প্রণেতারা গত ১১ জুলাই

জিং ঝিয়াং-এর উইঘর মুসলমানদের বিরুদ্ধে চীনা সরকারের এই নির্যাতন নিপীড়নের নিন্দা করেছেন। রিপাবলিকান দলীয় কংগ্রেসীয় মানবাধিকার সংস্থার কো-চেয়ারম্যান ফ্রাংক ওল্ফ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ বা অলিম্পিক গেম্‌সকে উইঘর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা চীন সরকারের উচিত নয়। তিনি চীন সরকারের গোপন আদালতের বিচার এবং বিনা বিচারে মানুষ খুন প্রসঙ্গে বলেন, এগুলো আইনী প্রক্রিয়া ও আইনের শাসনের লংঘন। তিনি মনে করেন ধর্মীয় স্বাধীনতা হরণ ও সংখ্যালঘুদের নির্মূল করার জন্যই বিচারের নামে প্রহসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসী করা হচ্ছে। চীন অলিম্পিক গেমসের মাধ্যমে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করলেও দেশটিতে মানবাধিকার রেকর্ড খুবই খারাপ। যুক্তরাষ্ট্রে ‘দি উইঘর আমেরিকান এসোসিয়েশন অভিযোগ করেছে যে, চীনা সরকার অলিম্পিক গেম্‌সকে উইঘর মুসলিম নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাবিয়া কাদির বলেন, উইঘর মুসলমানরা অতীত অভিজ্ঞতায় দেখেছে, বেইজিং সরকার ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে শান্তিপূর্ণ ভিন্নমত দমনের উদ্দেশ্যে ব্যবহার করছে। চীনা পুলিশ চলতি বছরে জি ঝিয়াং প্রদেশ থেকে সন্দেহবশত ৮২ জন মুসলমানকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি তারা মনে মনে অলিম্পিক অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল।

আরেকটি মামলায় উরুমকির পুলিশ জানিয়েছে, গত জানুয়ারিতে তারা একটি গ্রুপকে ধ্বংস করে দিয়েছে, যারা বেইজিং এবং সাংহাইতে হামলার পরিকল্পনা করেছিল।

তুর্কিভাষী উইঘর মুসলমানরা চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিং ঝিংয়াং প্রদেশে সংখ্যাগরিষ্ঠ হলেও মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে, চীনা কর্তৃপক্ষ সন্ত্রাসবাদের নামে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করছে।

উল্লেখ্য, জিং ঝিয়াং-এ মুসলমানদের সংখ্যা প্রায় ৮০ লাখ। চীনা কর্তৃপক্ষ উইঘর মুসলমানদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে, মুসলমানরা জিং ঝিয়াং-এ স্বাধীন ‘পূর্ব তুর্কিস্তান’ প্রতিষ্ঠা করতে চায়। প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের রিজার্ভ ছাড়াও কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের কারণেও এটি চীনা কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.