15th Jul 2008

পানি থেকে গাড়ির জ্বালানি তেল!

-ফজলুর রহমান চট্টগ্রাম ব্যুরো

বিকল্প জ্বালানির জন্য মাতোয়ারা বিশ্ব। এমন সময়ে সংবাদ ‘পানি থেকে গাড়ির জ্বালানি তেল!’ হ্যা, অনেকটা তাই সম্ভব হয়ে উঠতে পারে আগামী দিনে; যদি মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্ভাবনটি সঠিক হয়। জে বি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বপালনকারী এই উদ্ভাবক মনে করেন পানি থেকে হাইড্রোজেন গ্যাস বিমুক্ত করে জ্বালানি তেল হিসেবে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি দিয়ে। আর এতে ৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে মনে করেন জয়নাল আবেদীন। তার নিজের গাড়িতে এ প্রযুক্তির ব্যবহারও দেখান।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে মোহাম্মদ জয়নাল আবেদীন প্রযুক্তিটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন গ্যাসকে প্রথমে পানি থেকে পৃথক করতে হবে। পরে তা জ্বালানি তেলের সাথে মিশ্রণ করে ইঞ্জিনচালিত যানবাহনে ব্যবহারের করা যাবে। প্রযুক্তিটির নাম কমপ্রেস্ট ওয়াটার। এ প্রযুক্তি ৭৫-৮০ শতাংশ জ্বালানি সাশ্রয় করবে।
মোহাম্মদ জয়নাল আবেদীন আরো বলেন,

প্রতিটি গাড়িতে স্থাপিত যন্ত্রে পানি ও জ্বালানি তেল পাশাপাশি থাকবে। গাড়ির ইঞ্জিন চালু হবে তেলের সাহায্যে। এরপর পানি থেকে বিমুক্ত হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসেবে গাড়ি চালাবে। যেখানে প্রতি লিটার অকটেনে ২ থেকে ৩ হাজার সিসি’র একটি গাড়ি ১০-১২ কিলোমিটার যায় সেখানে এই প্রযুক্তিতে ৫০ কিলোমিটার যাবে ১ লিটার অকটেনে। দেড় লিটার পানি থেকে যে হাইড্রোজেন উৎপন্ন হবে তা দিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পথ যাওয়া যাবে। এতে পানিও সাশ্রয় হবে। তিনি আরো জানান, চার বছর গবেষণার ফসল এই প্রযুক্তি। গাড়িতে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা খরচ হবে। সরকার পৃষ্ঠপোষকতা দিলে আন্তর্জাতিকমানের প্রকল্প নেয়া সম্ভব বলে তিনি মনে করেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.