15th Jul 2008

ঢাকায় এসেছেন নোবেল কমিটির চেয়ারম্যান

মঙ্গলবার সকালে বাংলাদেশে এসেছেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর ওলে ডানবোল্ট মিয়স এবং নোবেল পিস সেন্টারের পরিচালক রেনটে এরিকসেন। ঢাকায় তাদের ছয় দিনের সফর।
শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তারা এ সফরে এসেছেন।
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বজলুল হক বলেন,” অতিথিরা আজ সকালে ঢাকা এসে পৌছেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস, মিসেস আফরোজা ইউনুস, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান ।”
ছয় দিনের সফরে অতিথিরা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গ্রামীণ ব্যাংক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন । মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে নোবেল শান্তি পুরস্কার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তারা।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তারা গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখা পরিদর্শনে করবেন। সেখানে তারা ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ঋণগ্রহীতাদের বাড়ি-ঘর পরিদর্শন করতে যাবেন। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখবেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.