15th Jul 2008
স্থানীয় সরকার নির্বাচনের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল
চলমান স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি ও সরকারের ওপর রুল জারি করেছে হাইকোর্ট। চূড়ান্ত ভোটার তালিকা ব্যতীত আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য চার সিটি করপোরেশন ও ৯ পৌরসভায় ঘোষিত নির্বাচনের তফসিলকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ রুল জারি করা হয়। বিচারপতি ইমান আলী ও বিচারপতি এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রী পরিষদ সচিব,আইন সচিব ও নির্বাচন কমিশনের প্রতি হাইকোর্ট এই রুল জারি করে। বিশেষ পত্রবাহকের মাধ্যমে এই আদেশ পৌঁছে দেওয়ার জন্যও আদেশ দেয় আদালত।
গত ৬ জুলাই অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার হাইকোর্টে এই রিট করেন। তার পক্ষে আদালতে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার মাসুদ রেজা সোবহান, অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে আইনজীবীরা বলেন, নতুন ভোটার তালিকা ছাড়া নির্বাচন করা যাবে না মর্মে হাইকোর্টের আগেই রায় দেয়া আছে। এ ছাড়া গত ১১ জুলাই সংবাদপত্রে প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
ভোটার তালিকা চূড়ান্ত হয়নি। সেহেতু ভোটার তালিকা চুড়ান্ত না করে আগামী ৪ আগস্ট কোনভাবেই নির্বাচন করা আইনসিদ্ধ হবেনা। এছাড়াও নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে কোন রাজনৈতিক দলের পরিচয়ে নির্বাচন করা হলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে বলে যে আদেশ দিয়েছে,সেটাও মৌলিক অধিকার পরিপন্থী এবং অগণতান্ত্রিক।
জবাবে সরকার পক্ষের আইনজীবী ডেপুটি এটর্নী জেনারেল আফসার জাহান ইলা বলেছেন, এটা নির্বাচন কমিশনের বিষয়, সরকারের বিষয় নয়।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.