15th Jul 2008
অভিবাসী শ্রমিকদের রক্ষার উদ্যোগ
বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা যেন আর হয়রানির শিকার না হন সে জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কমপক্ষে ১০টি দেশের সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার অনুরোধ করবে বলে জানা গেছে। দেশে ও দেশের বাইরে বাংলাদেশী অদক্ষ শ্রমিকরা প্রায়ই যে প্রতারণার শিকার হচ্ছেন সেই প্রেক্ষাপটেই সরকারের তরফ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বা সংক্ষেপে আইএলও আয়োজিত এক সম্মেলনে এ তথ্য দেয়া হয়।
ঢাকা থেকে সংবাদদাতা শেখ সাবিহা আলম জানাচ্ছেন, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বৈধভাবেই প্রায় চার লক্ষ শ্রমিক জীবিকার আশায় পাড়ি জমান। শুধু গত অর্থবছরেই তাঁরা দেশে পাঠিয়েছেন ৬০০ কোটি ডলারেরও বেশি।
কিন্তু এই অভিবাসী শ্রমিকরা প্রতিনিয়ত: নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন দেশে এবং দেশের বাইরে।
কি করে এ সমস্যার সমাধান করা যায় তাই নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও আইএলওর আমন্ত্রণে আলোচনায় বসেছিল দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশ। এ দেশগুলোও একই সমস্যার মুখে পড়েছে।
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী এই সম্মেলনটির প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন তাঁরা এখন সরকারী পর্যায়ে বৈঠক করতে চান।
তিনি বলেন, অনেক সময়ই অদক্ষ শ্রমিকরা না জেনেই জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। সরকার এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা গেল।
কিন্তু তারপরও হয়রানি বন্ধ হচ্ছে না। সদ্য মালয়েশিয়া থেকে ফেরৎ আসা কিছু শ্রমিকের সাথে কথা হচ্ছিল।
এঁরা বাংলাদেশে যেমন প্রতারিত হয়েছেন তেমনি মালয়েশিয়ায় বিমানবন্দরে নামার পর থেকে তাঁদের ভাষায় এক বছরে বিক্রি হয়েছেন পাঁচ থেকে ছ বার।
আর নারী অভিবাসী শ্রমিকরা এ ক্ষেত্রে আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানালেন সম্মেলনে উপস্থিত দুজন বিদেশ ফেরৎ নারী শ্রমিক।
তাঁরা বলছিলেন তথ্যের অভাবে এঁরা দালালদের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মঙ্গলবারের সম্মেলনে এ বিষয়গুলো আবারো উঠে এসেছে।
আইএলও তাদের প্রতিবেদনে বলছে, এই শ্রমিকরা তাঁদের বিচারে সবচাইতে ঝুঁকির মধ্যে রয়েছেন।
তাই নিরাপদে তাদের কাজ করার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি আইএলও’র তরফ থেকে এও বলা হয়েছে সরকার যদি সহযোগিতা চায় তাহলে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে বাংলাদেশকে সংগঠনটি সহযোগিতা করবে।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.