17th Jul 2008

দিনভর নাটকীয়তা : রাতে এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

দিনভর নাটকীয়তা ও আদালতপাড়ায় গুঞ্জন এবং আইন উপদেষ্টার সঙ্গে একটানা প্রায় ৫ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে গতকাল বুধবার রাতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করেছেন। আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে বৈঠক শেষে সচিবালয় থেকে রাত ৮টা ২০ মিনিটে বেরিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণে এ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিকালে এসে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের।

 

তিনি বলেন, আমি যখন এ্যাটর্নি জেনারেল ছিলাম তখন ফিদা এম কামালকে ডেপুটি এ্যাটর্নি জেনারেল হিসাবে পেয়েছি। বর্তমান সময়ে এ্যাটর্নি জেনারেল হিসাবে তার সার্ভিসে সরকার অত্যন্ত উপকৃত হয়েছে। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট পাঠানোর প্রক্রিয়া হচ্ছে। এর আগে আইন উপদেষ্টা মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল আইন উপদেষ্টার সঙ্গে বৈঠককালে সরকারের উচ্চমহল থেকে পদত্যাগপত্র ফিরিয়ে নেয়ার জন্য তাকে অনুরোধ জানানো হয়। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন।

গতকাল বিকেল সোয়া ৩টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত এ বৈঠক চলে। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সারাদিন গুঞ্জন ছিল যে, ব্যারিস্টার ফিদা এম কামাল এ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রের আইন কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে ছিল এ নিয়ে ব্যাপক কৌতূহল। এছাড়া গতকাল বিকাল সাড়ে ৪টায় এ্যাটর্নি জেনারেল অফিসে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতের কার্যদিবস শেষ হওয়ার পর আইন কর্মকর্তাগণ বৈঠকে অংশ নেয়ার জন্য উপস্থিত হন। দীর্ঘক্ষণ তারা অপেক্ষাও করেন। বর্তমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার ফিদা এম কামালকে এ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি বিগত জোট সরকারের সময় অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার ফিদা এম কামাল ১৯৪৮ সালের ৭ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ফিদা এম কামাল ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ (সম্মান) ডিগ্রি এবং ১৯৭০ সালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে লন্ডনের ইনার টেম্পল থেকে ব্যারিস্টার এ্যাট’ল ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালের ২৭ মে তিনি সুপ্রিম কোর্টে এডভোকেট হন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.