17th Jul 2008
প্রেসিডেন্ট বশিরকে গ্রেফতারে বাধা দেবে সুদান
দারফুরে গণহত্যার অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নে বাধা দেয়ার জন্য সব কিছু করবে বলে জানিয়েছে সুদান। রাশিয়া ও চীন প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে কোনো ব্যবস্খা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আরো সময় নেয়ার আহ্বান জানিয়েছে।
এ দিকে দারফুরে মানবাধিকার কর্মী ও শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসঙ্ঘকে সহযোগিতা করতে সুদানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন।
সুদানের প্রেসিডেন্ট বশিরের সবচেয়ে সিনিয়র উপদেষ্টা গাজি সালাহউদ্দিন জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা চালিয়ে যায় তবে জাতিসঙ্ঘের সাথে সুদানের সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়বে।
এ দিকে বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন সুদানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী ও মানবাধিকার কর্মীদের সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানান। জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট অনুযায়ী প্রেসিডেন্ট বশিরকে অবশ্যই জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের তাদের দায়িত্ব পালনকালে সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সুদানে এখন ৪০ লাখ শরণার্থী ও উদ্বাস্তুকে সহায়তা করার জন্য ১৬ হাজার আন্তর্জাতিক মানবাধিকার কর্মী কাজ করছেন।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.