17th Jul 2008
৭টি শর্তসাপেক্ষে আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য দুই মাসের সাময়িক মুক্তি দিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোকে বৃহস্পতিবার বিকেল ৬টায় প্রিজন সেল থেকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়। অসুস্থ আরাফাত রহমান কোকো সাময়িক মুক্ত হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
১৭ জুলাই ২০০৮ থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত তাকে সাময়িকভাবে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-২ থেকে জারি করা এক আদেশে ১৮৯৮-এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে তাকে ৭টি শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির আদেশ দেওয়া হয়।
আরাফাত রহমান কোকোকে সর্বোচ্চ দুই মাসের জন্য সাময়িক মুক্তির সুযোগ, বিদেশে গেলে সেখানকার বাংলাদেশ মিশনকে ৩ দিন পরপর তার স্বাস্থ্যের অবস্থা অবহিতকরণ, রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্য কর্মকাণ্ডে জড়িত না হওয়া, স্বাস্থ্যগত বিষয় ছাড়া অন্য কোন কারণে কারও সঙ্গে যোগাযোগ না করা, সাময়িক মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চিকিৎসা শেষ হলে তা সরকারকে অবহিত করা এবং দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করা, শর্ত ভঙ্গ হলে সাময়িক মুক্তিদানের সিদ্ধান্ত বাতিল এবং সরকার কোন কারণ দর্শানো ব্যতীত সাময়িক মুক্তিদানের সিদ্ধান্ত বাতিল করা এই সাতটি শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তিদানের আদেশ দিয়েছে সরকার।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.