17th Jul 2008

মুক্তির দুদিন পর নিজামীর জামিনের বিরুদ্ধে সরকারের আপিল

মুক্তি পাওয়ার দুইদিন পর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে সরকার। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকার পক্ষে অ্যাডভোকেট জহুরুল ইসলাম এ আপিল দায়ের করেন। রোববার এই আপিলের ওপর আপিল বিভাগের চেম্বার জজ এর আদালতে শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন নিজামীর কৌঁসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে নিজামীকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ জুলাই হাইকোর্ট নিজামীকে এ মামলায় জামিন মঞ্জুর করার পরদিনই তিনি মুক্তি পান।

এদিকে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন নিজামী। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে নিজামী রিটটি দায়ের করেন।

 

আগামী সপ্তাহে রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন। রিটে মামলার কার্যক্রম স্থগিত করার আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানান। ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, “নিজামীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ পত্র দেওয়ার ক্ষেত্রে দুদকের অনুমোদন যথাযথ নয়। আইনের দৃষ্টিতে এটি অনুমোদনই নয়। এছাড়া মামলা দায়েরের ২ শ ৫১ দিন পর এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়েছে। কিন্তু আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে।” রিটে মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবেনা সরকারের প্রতি তার আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে।

গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

মামলায় টেন্ডারে নন রেসপনসিভ দরপত্রদাতা গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজ দিয়ে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এ বছর ১৩ মে খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়েছে। এর আগে দুদক ১১ মে অভিযোগ পত্র দাখিলের জন্য অনুমোদন দেয়। মামলাটি বর্তমানের ঢাকার বিশেষ জজ আদালত নং- ৩ এ বিচারাধীন।

গত ১৫ জুলাই গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কার্যক্রম হাইকোর্ট দুই মাসের জন্য স্থগিত করে দেয়।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.