18th Jul 2008
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বিডিআর সদস্য নিহত
চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বৃহস্পতিবার মধ্যরাতে বিএসএফের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হয়েছেন। এরা হলেন হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮)। চাঁপাইনবাববঞ্জে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামত উল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের ১১০/৫ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ গজ ভেতরে ভারতের মালদা জেলার ১০৮ বিএসএফ’র নিমতিতা ক্যাম্পের একদল জওয়ান ঢুকে পড়ে। বিডিআর চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়াভাবে গুলি চালায়।”
নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলার সময় বিএসএফ দুই বিডিআর সদস্যকে হত্যা করল। বৃহস্পতিবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশ ভূ-খণ্ডে বিএসএফের প্রবেশের খবর রঘুনাথপুর গ্রামের লোকজন বিডিআরকে জানালে হাবিলদার আব্দুল হান্নান সরকার টহলদল নিয়ে ঘটনাস্থলে যান। বিডিআর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিএসএফ সদস্যরা বেপরোয়াভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান সরকার ও কৃষ্ণপদ সাহা মারা যান।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইকবাল ও চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.