20th Jul 2008
বাংলাদেশে জরুরী অবস্থা জারি করাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না? সরকারের প্রতি আদালতের রুল
বাংলাদেশে জরুরী অবস্থা জারিকে কেনো অবৈধ ও সংবিধান পরিপন্থি বলে ঘোষনা করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মাশুক হোসেন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেন্চ রোববার শুনানী শেষে এই আদেশ দেন।একই সাথে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।গত ১৪ জুন সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যডভোকেট আব্দুল মান্নান খানের নেতৃত্বে চারজন আইনজীবী জনস্বার্থে এই রীট মামলাটি দায়ের করেন।মামলার আবেদনে বলা হয়েছে বর্তমান সরকারের জরুরী অবস্থা জারির কোনো এখতিয়ার নেই।রিট মামলার ক্ষেত্রে আইনজীবীরা তিনটি কারন উল্লেখ করেছেন।তারা জরুরী অবস্থা জারির প্রেক্ষাপটকে চ্যালেঞ্জ করে বলেছেন, যে কারনে জরুরী অবস্থা জারি করা হয়েছিল দেশে তখন তেমন পরিস্থিতি ছিলনা। রিট আবেদনে আরো বলা হয়েছে দেশে জরুরী অবস্থা জারি করতে হলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হয় এবং তার অনুমতি প্রয়োজন।কিন্ত ১১ জানুয়ারি দেশে কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ছিলনা।কাজেই সংবিধান লংঘন করে জরুরী অবস্থা জারি করা হয়েছে।রাজনৈতিক দলগুলো নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন কর্মসূচি পালন করছিল।যে সব কারনে একটি দেশে জরুরী অবস্থা জারি করা যেতে পারে সেই সময় তার কোনটি ছিলনা।কাজেই জরুরী অবস্থা জারি করাকে অবৈধ ও সংবিধান পরিপন্থি বলে আদেশ দেয়ার জন্য রিট মামলাকারি আইনজীবীরা আবেদন করলে আদালত সরকারের প্রতি রুল জারি করেন।সরকারকে আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।আইনজীবীরা বলছেন জরুরী অবস্থা জারির বিষয় নিয়ে সরকার একের পর এক বিভিন্ন আইনগত জটিলতায় জড়িয়ে পড়ছে।রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল মহলই জরুরী অবস্থা জারির বিরোধীতা করে আসছে।তারা বলছেন দীর্ঘ দিন ধরে জরুরী অবস্থা দেশের জন্য নেতিবাচক ধারনা বয়ে আনতে পারে।এর আগেও হাইকোর্ট বিভিন্ন সময়ে জরুরী অবস্থা জারির বিষয়ে সরকারকে কারন দর্শনোর জন্য রুল জারি করেছিল।এই সব রুলের নিস্পত্তির জন্য উচ্চ আদলতে গেলে সেখানে মামলার সংখ্যা বাড়তেই থাকবে।তবে উভয় পক্ষকেই রিট মামলার দ্রুত নিস্পত্তির জন্য এগিয়ে আসা উচিত বলে মনে করেন আইনজীবীরা।এই সব রুল জারি সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। #(ঢাকা থেকে বেনজির আহমেদ)
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.