21st Jul 2008
৩০০ জনের মধ্যে মাত্র এক জন!
দিনাজপুর সংবাদদাতাঃ আপনাদের মধ্যে কে দুর্নীতি করেন না- ৩০০ জনের প্রতি এ প্রশ্ন করা হলে মাত্র একজনই দাঁড়ালেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিনাজপুরের লোকভবনে। ‘দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ’ শীর্ষক একটি মতবিনিময় সভা হয় সেখানে। তাতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ঐ মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ৩০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যের এক পর্যায়ে হাসান মশহুদ চৌধুরী বলেন, “আপনাদের মধ্যে এমন কেউ আছেন, যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি দুর্নীতি করি না।”
ঐ সময় সবাই নিশ্চুপ থাকলেও দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম দাঁড়িয়ে বললেন, “আমি কোনও দুর্নীতি করি না এবং এ বিষয়ে আমার কার্যালয়ে কারও সঙ্গে আপস করি না।”
তখন হাসান মশহুদ বলেন, “তিনি (শামসুল) যে সত্যিই সৎ, তার প্রমাণ তিনি এত মানুষের উপস্থিতিতে নিজেকে দুর্নীতিমুক্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা দিলেন। তিনি যদি দুর্নীতি করতেন, তাহলে তার মনে ভয় থাকতো যে একথা বলার পর এই সভা থেকে যে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে।” ঐ মতবিনিময় সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মো. নবীউল হক মোল্যা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.