21st Jul 2008
প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন চান বিওএ সভাপতি
এসএ গেমসে আরো দুই ডিসিপ্লিন; অলিম্পিকে ১৩ সদস্যের দল
রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। গতকাল ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ’র সভার সভাপতি এ আহ্বান জানান। তিনি ক্রীড়া ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচিত কমিটি দেয়ার জন্য অক্টোবরের মধ্যে অ্যাডহক কমিটি পরিচালিত ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনে আবারো নিজের দৃঢ় অবস্থানের কথা বিওএ সদস্যদের অবহিত করেন। তিনি বাফুফে’র নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, অন্য ফেডারেশনগুলোতে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্রীড়া উৎসব এসএ গেমসের জন্য ১৫টি ডিসিপ্লিন আগেই চূড়ান্ত ছিল। স্বাগতিক কোটায় অতিরিক্ত দু’টি ডিসিপ্লিন গতকাল অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য এসএ গেমসের ডিসিপ্লিনের সংখ্যা ১৭টি দাঁড়িয়েছে। বিওএ’র সভায় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সুপারিশে কুস্তি ও গলফকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য গত ২২ ফেব্রুয়ারি এসএওসি’র ৩৮তম সভায় অ্যাথলেটিকস, সাঁতার, হকি, স্কোয়াশ, কাবাডি, বক্সিং, ফুটবল, ভারোত্তোলন, শুটিং, তায়কোয়ানডো, কারাতে, উশু, হ্যান্ডবল, টেবিলটেনিস, আরচ্যারি ১৫টি ডিসিপ্লিন চূড়ান্ত হয়েছিল। এ ছাড়া গেমসে আরো বেশ কয়েকটি ডিসিপ্লিন অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। যার সুযোগটা স্বাগতিক হিসেবে বাংলাদেশ নিতে পারে। এ ক্ষেত্রে জুডো, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিং বিবেচনাধীন রয়েছে। যা বিওএ’র আগামী সভায় সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।
এ দিকে বেইজিং অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট দলে রয়েছে ছয়জন অ্যাথলেট, তিনজন কোচ কাম ম্যানেজার, দু’জন ইয়ুথ ক্যাম্পে, একজন জেনারেল টিম ম্যানেজার ও একজন সেফ ডি মিশন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিওএ সভাপতি ও মহাসচিব। ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ’র সভায় সভাপতি বরাবর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিওএ’র নির্বাহী কমিটির উপমহাসচিব পদ থেকে কাজী মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া বিওএ ভবন নির্মাণে দায়িত্বে থাকা ভবন কমিটি বিলুপ্ত করে কাজের সুবিধার্থে এটিকে বিওএ ভবন প্রজেক্ট হিসেবে স্বীকৃতি দেয়া হয়। শুধু তাই নয়, খেলাধুলার কার্যক্রমকে গতিশীল করতে ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত বিওএ সভাপতির সুপারিশের আলোকে ল’ অ্যান্ড অ্যাথিক্স কমিটি কতৃêক প্রস্তুত করা বিওএ’র প্রস্তাবিত গঠনতন্ত্রের খসড়া আলোচনার জন্য সভায় উপস্থাপন করা হয়। সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.