22nd Jul 2008

‘বসনিয়ার কসাই’ খ্যাত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচ গ্রেফতার

‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদিচকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আজ জানিয়েছে, কারাদিচকে গতকাল গ্রেফতার করা হয়েছে বলে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিকের দফতর থেকে জানানো হয়েছে। ১৯৯৫ সালে সেব্রেনিৎসাতে আট হাজার মুসলমানকে নির্মমভাবে হত্যা করাসহ বসনিয়ায় ব্যাপক গণহত্যার পরিকল্পনা কারাদিচ করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সেব্রেনিৎসার মত ভয়াবহ হত্যাকান্ড আর চালানো হয় নি। রাদোভান কারাদিচ যে সব হত্যাকান্ড চালিয়েছেন তার বর্ণনা দিতে যেয়ে জাতিসংঘের যুদ্ধ অপরাধ বিষয়ক ট্রাইবুনাল এসবকে ‘মানব ইতিহাসের অন্ধকারতম পৃষ্ঠা যা নরকের দৃশ্যাবলীতে পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। ১৯৯৭ সালে কারাদিচ গা ঢাকা দেন এবং তাকে খুঁজে বের করতে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো হিমশিম খেয়েছে।

 

গ্রেফতারের পর বর্তমানে কারাদিচকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং রাতে তদন্তকারীরা তার সাথে বৈঠক করবেন বলে সার্বিয়ার সূত্র থেকে জানানো হয়েছে। ১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত বিরাজমান বসনিয়ার যুদ্ধের সময় কারাদিচ বসনিয় সার্বদের নেতা ছিলেন। ৪৩ মাস ধরে সারায়েভো অবরোধ করার সময় সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার নির্দেশ কারাদিচ প্রদান করেছিলেন। আর এই অপরাধে হেগে অবস্থিত জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইবুনাল ১৯৯৫ সালের জুলাই মাসে তাকে দোষী সাব্যস্ত করে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.