23rd Jul 2008

আপনার সন্তানকে হারাম খাওয়াবেন নাঃ হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লে· জেনারেল (অব·) হাসান মশহুদ চৌধুরী ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনারা যে দুর্নীতি করেন তা কি আপনাদের স্ত্রী-সন্তানেরা জানেন? আপনারা যে পিতার কাছে টাকা পাঠান সেই টাকা হালাল না হারাম। তিনি বলেন, ঘুষ খাওয়া হারাম, আপনারা আপনাদের সন্তানদের হারাম খাওয়াবেন না।

গতকাল মঙ্গলবার সকালে দুদক চেয়ারম্যান জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব প্রশ্ন করেন। এক পর্যায়ে দুদক চেয়ারম্যান ঘুষ গ্রহণ করেন না এমন কেউ এখানে উপস্থিত আছেন কিনা জানতে চাইলে কেউ দাঁড়াতে পারেননি।

সকল সরকারি কর্মকর্তাকে সরকারের পড়্গে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হাসান মশহুদ বলেন, সরকারি কাজে কোন ঘুষ নেয়া যাবে না। ঘুষ নেয়া-দেয়া ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। তিনি বলেন, আপনারা সম্পত্তির বিবরণ দিয়েছেন, কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না। দুর্নীতির মূলোৎপাটন করতে আপনাদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, বেতন কমের অজুহাতে ঘুষ খাওয়া কোন যুক্তিসঙ্গত কারণ নয়। অনেকেই কম বেতনে কষ্ট করে সংসার চালায়।

জেলা প্রশাসক মিঞা আব্দুল্লাহ মামুন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেনসহ জেলার সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৫ শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। -।। ঠাকুরগাঁও সংবাদদাতা ।।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.