23rd Jul 2008
লন্ডনে শেখ হাসিনা: দুর্নীতি বিরোধী অভিযান চরম শিক্ষা
তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য একটি ‘চরম শিক্ষা’ বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশে যাওয়া দুর্নীতির অভিযোগে বিচারাধীন আওয়ামী লীগ নেত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
সোমবার স্যায় লন্ডনে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেছেন।
স্থানীয় নির্বাচন পরে করার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, “এ সরকারের উচিত সাংবিধানিক দায়িত্ব পালন করে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ফিনল্যান্ড থেকে ফেরার পর এটি ছিলো লন্ডনে শেখ হাসিনার দ্বিতীয় কর্মীসভা। ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে উপলক্ষে ফিনল্যান্ড গিয়েছিলেন তিনি।
এগারো মাসের কারাবাস তার চিন্তার খোরাক যুগিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “জেলে বসে চিন্তা করার সুযোগ পেয়েছি বাংলাদেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনোই সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা পায়নি। আর একটি দেশ সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা না পেলে সে দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না।”
২০২১ সালে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান।
যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সভায় সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক সচিব মোকাম্মেল হক, প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, তারিফ আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য লন্ডন ত্যাগ করবেন। সেখানেই তার চিকিৎসা হচ্ছে। -সংগ্রাম ডেস্ক।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.