24th Jul 2008
ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ঘোরতর হুমকির মুখে: ম্যাককেইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের মাঝে ইসরায়েলি ভোটারদের মনোযোগ আকৃষ্ট করে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবিলিকান প্রার্থী ম্যাককেইন। বুধবার তিনি বলেন. ইরানের কারণে ইসরায়েল এখন ইতিহাসের সবচে ঘোরতর হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের শত্রুদের বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই ওবামার সমালোচনা করে আসছেন অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। ওবামার ইতোপূর্বে দেওয়া ওই সমস্ত বক্তব্য তুলে ধরতে ম্যাককেইনের উপদেষ্টারা একটি সংবাদ সম্মেলনও করেছেন।
পেনিসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারাভিযানে ম্যাককেইন বলেন, “ইরানের পরমাণু কর্মসূচির হুমকি, সীমান্তে সন্ত্রাসী গ্রুপগুলো অবস্থান এবং অভ্যন্তরীন রাজনৈতিক বিঘ্ন- এ সবই ইহুদি রাষ্ট্রটির জন্য হুমকি।” তিনি বলেন, “আজ ইসরায়েল সম্পর্কে আমরা ধারণা এটাই যে, স্বাধীনতার পর থেকে এখনই তারা নানাদিক থেকে বড় ধরনের হুমকির মুখে আছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমি উদ্বিগ্ন। বিশেষ করে যখন একজন প্রেসিডেন্ট জাতিসংঘে এসে বলেন, তারা ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেবেন। তাদের সে উপায়ও আছে।”
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ম্যাককেইন জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের প্রশংসা করেন। তিনি বলেন, আমি মনে করি ইরানের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও অন্যান্য চাপ প্রয়োগ করে আমরা এ সমস্যা সমাধান করতে পারব।
ম্যাককেইন ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের আগে ওবামাও জেরুজালেম সফরকালে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার প্রতিশ্রুতি দেন। ইসরায়েলের বন্ধু হিসাবে তার পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলি ও ইহুদি ভোটারদের মনজয়ের লক্ষেই অঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন ওবামা। একই লক্ষ্য নিয়ে এগুচ্ছেন ম্যাককেইনও।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.