25th Jul 2008
কাশ্মীর আবারো উত্তপ্তঃ কার্ফ্যু জারি
সহিংসতায় নিহত ৯
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। অমরনাথ তীর্থস্থান সংস্থাকে জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর এর প্রতিবাদে এক ব্যক্তি আত্মহত্যা করে। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোয় জম্মুতে কার্ফ্যু জারি করা হয়েছে। এ দিকে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
অমরনাথের সংস্থায় জমি দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের পর জম্মুতে এক ব্যক্তি বিষ খেয়ে অত্মহত্যা করেছে। এর প্রতিবাদে গতকাল জম্মু বন্ধ পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কার্ফ্যু জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি’র কর্মীরা গতকাল বন্ধ পালনে রাস্তায় নেমে আসে। তারা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পুরনো জম্মু শহরের বেশিরভাগ দোকানপাট গতকাল বন্ধের কারণে খোলা হয়নি। বিক্ষোভকারীরা জমি ফেরত না পাওয়া পর্যন্ত আত্মহত্যাকারীর লাশ দাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কাশ্মীরি মুসলমানরা জানিয়েছে, তারা শুধু জমি ফেরত চেয়েছে। অমরনাথ যাত্রায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো ইচ্ছা তাদের নেই। এ দিকে কাশ্মীরে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বাটমালো এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এটি বোমা না গ্রেনেড হামলা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এছাড়া গেরিলারা তাদের সাবেক এক সহযোদ্ধা ও তার পরিবারের ৩ সদস্যকে গুলি করে হত্যা করে। -বিবিসি ও এনডিটিভি
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.