26th Jul 2008
বার্লিনে বৃহত্তম সমাবেশে ওবামা বললেন বাংলাদেশের কথাঃ নতুন বিশ্ব গড়ার আহ্বান
<<<বার্লিনে ২ লক্ষাধিক লোকের সমাবেশে ভাষণ দেন বারাক ওবামাঃ নিউজ ওয়ার্ল্ড
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জার্মানির বার্লিনে দুই লক্ষাধিক ভক্ত শ্রোতার এক সমাবেশে বাংলাদেশের শিশুদের কথা বললেন। গত বৃহস্পতিবার বার্লিন গেটের অদূরে আয়োজিত বৃহত্তম সমাবেশে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা হিংসা-বিদ্বেষ ও শত্রুতা ভুলে ভালোবাসার জয়গানে এক নতুন বিশ্ব গড়ার কথা বলতে গিয়ে বাংলাদেশের কথা বলেন। বিভিন্ন টেলিভিশনের লাইভ কভারেজের বদৌলতে বিশ্বের শত কোটি মানুষ প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের ব্যতিক্রমী এই নেতার বক্তব্য।
বারাক ওবামা বলেন, উদগ্রীব বিশ্বাসী জানতে চায় বর্তমান ও ভবিষ্যতের কল্যাণে কী করতে পারি আমরা। দুঃখ-বেদনায় ভারাক্রান্ত বিশ্বের ভুলে যাওয়া উপেক্ষিত সেই মানব-মানবীদের দিকে কি আমরা সাহায্যের হাত প্রসারিত করব? দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বাংলাদেশের সেই শিশুকে কি আমরা তুলে নিয়ে আসতে পারি?
তিনি বলেন, আফ্রিকার শাদে শরণার্থী শিবিরে মানবিক বিপর্যয়ের মুখোমুখি শিশু, নারী-পুরুষ আর ভয়াবহ এইডস থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে বিশ্বের কোটি কোটি অসহায় মানুষকে।
বারাক ওবামা বলেন, আজকের বিশ্ব ও মানবতার সামনে বড় ধরনের বাধা হচ্ছে কৃত্রিম দেয়াল। এটাকে উপড়ে ফেলতে হবে। বিভেদ-বিদ্বেষের পরিবর্তে খ্রিষ্টান, মুসলিম, ইহুদি ও অভিবাসীদের মধ্যে সৃষ্টি করতে হবে সম্পর্কের নতুন সেতুবন্ধন।
তিনি বলেন, এখন সময় এসেছে বিশ্বকে রক্ষা করতে সবাইকে নিয়ে একত্রে কাজ করার। নতুন প্রজন্মের কাছে এমন পৃথিবী রেখে যাওয়া ঠিক হবে না, যেখানে ঝড়ঝঞ্ঝা আর প্রাকৃতিক দুর্যোগ হবে নিত্যনৈমিত্যিক বিষয়। এ জন্য পরিবেশ দূষণ রোধে বিশ্বকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। -নিউজ ওয়ার্ল্ড নিউইয়র্ক।
নমস্কার,
আসলে ওবামার মতন সবার-ই উচিৎ এমন সুন্দর মনভাব রাখা। ধরম বড় কথা নয় করমই মহান।