27th Jul 2008
লন্ডনে বারাক ওবামা: স্বদেশে জনপ্রিয়তায় ভাটা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা শনিবার লন্ডন পৌঁছেন। এ সফরের মধ্যে দিয়েই ওবামা তার ইউরোপ সফরের ইতি টানবেন। লন্ডনে তিনি প্রধানমন্ত্রী গর্ডন বাউনের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বিরোধী কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেলনের সঙ্গেও বৈঠক করার কথা তার। এর আগে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করেন তিনি। তবে বার্লিন এবং প্যারিসের মতো অতো সরব হবে না বারাক ওবামার লন্ডন সফর। বার্লিন সফরে ওবামা ব্রান্ডেনবার্গ গেটে যে সভা করেন তাতে প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটে।
এছাড়াও প্যারিস সফরেও তিনি ব্যাপক সংবর্ধনা পান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এলিসি প্রাসাদে সাক্ষাৎ করেন এবং এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। যুক্তরাষ্ট্রে নতুন জরিপে দেখা গেছে, সম্প্রতি বারাক ওবামা ইউরোপ সফরের ইউরোপীয়ানদের বিমোহিত করলেও নিজের দেশে তার ঔজ্জ্বল্য কিছুটা হ্রাস পেয়েছে। অন্যদিকে রিপাবলিকান জন ম্যাককেইন গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে তার অবস্থান জোরদার করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ওবামা তার বিদেশ নীতির বহিঃপ্রকাশ ঘটাতে এবং গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফরকালে বার্লিনে প্রায় ২ লাখ লোক ইলিয়ন রাজ্যের সিনেটরকে রকস্টারের মতো অভিনন্দন জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে ভোটারদের মধ্যে জরিপে দেখা গেছে, ম্যাককেইন ক্রমশ প্রতিদ্বন্দ্বিতায় ওবামার সমর্থনের জায়গাগুলোতে তার স্থান করে নিচ্ছেন। বুধবার প্রকাশিত এনবিসি ডিউজ/ওয়াল স্টিট জার্নাল পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, মার্কিন ভোটারদের ৫৫ শতাংশ মনে করেন ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট পদে বেছে নেয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ম্যাককেইনের ব্যাপারে অনুরূপ মনোভাব পোষণ করেন মাত্র ৩৫ শতাংশ। একই জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ ভোটার মূল্যবোধের দিক থেকে ম্যাককেইনকে সমর্থন করেন। অন্যদিকে এ ব্যাপারে ওবামার প্রতি সমর্থন রয়েছে ৪৭ শতাংশের। বৃহস্পতিবার প্রকাশিত কিনিপিয়াক ইউনির্ভাসিটি পরিচালিত পৃথক জরিপের ফলাফলে দেখা গেছে, ম্যাককেইন কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে পুনরায় জনপ্রিয়তা ফিরে পেয়েছেন। কলোরাডো রাজ্যে ওবামাকে ছাড়িয়ে গেছেন। জরিপের ফলাফলে দেখা গেছে, মিশিগান ও মিনেসোটা অঙ্গরাজ্যে ম্যাককেইন ইতিমধ্যে ওবামার কাছাকাছি পৌঁছে গেছেন। অন্যান্য জরিপে দেখা গেছে, নিউ হ্যাম্পশায়ারের মতো ডেমোক্র্যাটিকদের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যে ম্যাককেইন এগিয়ে রয়েছেন। লন্ডন সফরে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট প্রার্থী ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে প্রাতঃরাশে অংশ নেবেন। এরপর তিনি বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন এবং এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন বরাবরই সমালোচনা করে আসছেন, ডেমোক্র্যাট প্রার্থী ওবামা পররাষ্ট্র বিষয়ে দক্ষ নন। ওবামা এ বিদেশ সফরের মধ্য দিয়ে তার পররাষ্ট্রনীতি বিষয়ক দুর্বলতা কাটিয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি, ইন্টারনেট।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.