27th Jul 2008
ভারতের বিহারে দলিত যুবককে এসিড পান করিয়ে হত্যা
আধুনিক ভারতেরও যে অস্পৃশ্যতা দূর করা যায় নি এবং দলিতদের ওপর নানা অজুহাতে অকথ্য নির্যাতন বজায় রয়েছে, সম্প্রতি বিহারে তার আরো একটি জ্বলন্ত নজির সামনে এসেছে।
ভারতের হিন্দু সমাজে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের ‘অস্পৃশ্য’ বলে ঘৃণা করা হয়। আগে মনে করা হতো, উচ্চবর্ণের সেবা করার জন্যই দলিতদের জন্ম। বিহারের একটি গ্রামে এধরণের এক ঘটনায় একজন দরিদ্র ও ভূমিহীন দলিত যুবক উচ্চবর্ণের জোতদারদের জমিতে কাজ করতে অস্বীকার করায় তাকে জবরদস্তি এসিড পান করতে বাধ্য করা হয়। এই মর্মান্তিক ঘটনায় ওই দলিত যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ অফিসাররা জানিয়েছেন, আদিলপুরের বাসিন্দা ৩২ বছরের দেবানন্দ মাঝি পার্শ্ববর্তী গ্রামের নরেশ সিং এবং বাবুল সিং-এর জমিতে কাজ করতে অস্বীকার করেছিল। এই দুই উচ্চবর্ণের জোতদার পাশ্ববর্তী কাসাদি গ্রামের বাসিন্দা। নিহতের ভাই রামাশিষ মাঝি জানিযেছেন, অমানুষিক নির্যাতন করে দেবানন্দকে হত্যা করা হয়েছে। প্রথমে উচ্চবর্ণের ওই দুই জোতদার ও তাদের লেঠেলরা দেবানন্দকে এসিড পান করতে বাধ্য করে। এরপর দেবানন্দের খালি গায়ের ওপর এসিড ঢেলে দেয়া হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকা দেবানন্দকে মারা যাওয়ার আগেও প্রবলভাবে পেটানো হয়।
রামাশিষ জানান, নরেশ এবং বাবুল সিং তাদের বাড়িতে এসে দেবানন্দকে তাদের জমিতে কাজ করার জন্য নির্দেশ দেয়। তাদের জানানো হয় যে, দেবানন্দ আগে থেকেই আরেক ব্যক্তির জমিতে কাজ করছে। একথা শুনে উচ্চবর্ণের ওই দুই প্রভাবশালী ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গালি-গালাজ করে বলে যে, তাদের অনুমতি না নিয়ে অন্য লোকের জমিতে কাজ করার জন্য দেবানন্দকে শাস্তি পেতে হবে। ওই দিনই দেবানন্দকে ধরে এনে শাস্তি হিসেবে এসিড পান করানো হয়।
এই নির্দয় ঘটনার পর গ্রামের দলিতরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। তারা দেবানন্দের অসহায় পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি করেছে। দেবানন্দ ‘মুশাহার’ সম্প্রদায়ের মানুষ। মুশাহাররা দলিতদের মধ্যেও সব থেকে দরিদ্র বলে চিহ্নিত। ক্ষুধার জ্বালায় তারা অনেক সময় মাঠ থেকে ইঁদুর ধরে এবং তা খেয়ে ক্ষুধা নিবারণ করতে বাধ্য হয়।
স্থানীয় থানার ওসি ধ্রুবকুমার সিং আজ বলেছেন, ঘাতকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। হত্যাকারীরা এখন পলাতক। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ভারতে আইন করে অস্পৃশ্যতা ও দলিতদের ওপর অত্যাচার নিষিদ্ধ করা হলেও কার্যত দলিতরা জুলুমের শিকার হয়েই চলেছে।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.