28th Jul 2008

দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক মন্ত্রী মান্নান ভুঁইয়া ও শামসুল ইসলামের জামিন লাভ

বাংলাদেশে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযুক্ত জোট সরকারের সাবেক মন্ত্রীরা একের পর এক জামিন পাচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও এম কে আনোয়ারের জামিন পাবার পর এবার জামিনে মুক্তি পেলেন বিএনপির সংস্কার পন্থী নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এবং সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। সোমবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাবেক দুই মন্ত্রীকে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন।

 

এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেনকেও সম্পত্তির হিসেব বিবরণীতে ভুল তথ্য দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন দেয়া হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকেও দুই মাসের জামিন দেয়া হয়েছে। আদালত একই সাথে আগামী দুই মাস তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন মান্নান ভুঁইয়া ও শামসুল ইসলামের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তারা মুক্তি পাবেন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেনকেও জামিন দেওয়া হয়েছে। জরুরী বিধিমালার কয়েকটি ধারা সংশোধনের পর সুপ্রীম কোর্টের আপিল বিভাগ জরুরী অবস্থা জারির পর যেসব মামলা দায়ের করা হয়েছে তাতে অভিযুক্তরা জামিন আবেদন করতে পারবে বলে রায় দেয়ার পরই উচ্চ আদালতে জামিন আবেদনের সংখ্যা বেড়ে যায়। গত সপ্তাহে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ প্রায় ৩০ জন জামিনের জন্য আবেদন করেন। সরকার ও আসামী পক্ষের আইনজীবীদের শুনানীর পর আদালত এই জামিনের আদেশ দেন। গ্যাটকো দুর্নীতি মামলায় জোট সরকারের সাবেক ৮ মন্ত্রীসহ মোট ২৪ জনকে আসামী করা হয়।
সংসদ ভবনের বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ চলছে। কমলাপুর ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার নির্মানে গ্যাটকোকে কাজ দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই মামলায় গত বছর ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। আইনজীবীরা বলছেন, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাগুলো উচ্চ আদালতে গিয়ে স্থগিত হয়ে যাচ্ছে। তারা বলছেন এভাবে যদি দুর্নীতির দায়ে অভিযুক্তরা জামিন পেয়ে যান তাহলে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিবে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.