30th Jul 2008
সৌদি বাদশাহকে হত্যার হুমকি আল কায়েদার
আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের কারণে সৌদি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করা উচিত বলে বিবৃতি দিয়েছে আল কায়েদা। খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের সঙ্গে একত্রে মুসলমানদের ওই সম্মেলনের মধ্য দিয়ে বাদশাহ আবদুল্লাহ নিজেকে নাস্তিক নেতা প্রমাণ করেছেন বলে মনে করে আল কায়েদা। বিডিনিউজ।
আল কায়েদা ব্যবহার করে থাকে এমন একটি ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি বলেন, নিজেকে নাস্তিকদের নেতা ঘোষণাকারী এ বর্বর স্বৈরশাসককে (বাদশাহ আবদুল্লাহ) হত্যার জন্য উদগ্রীব হওয়া পুণ্য কাজের মধ্যে একটি বলে বিবেচিত হবে।
সৌদি আরবের আয়োজনে সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপের সূত্র ধরে আল কায়েদা এ বিবৃতি দিল। ওই সম্মেলনে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের সঙ্গে হিন্দু, বৌদ্ধ, শিখদেরও আমন্ত্রণ জানান সৌদি বাদশাহ।
যুগান্তকারী এ সম্মেলনে বিশ্বের প্রধান ধর্মগুলোকে চরমপন্থা ছেড়ে সংহতির পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান সৌদি বাদশাহ। এ সম্মেলনে প্রথমবারের মতো ইহুদি প-িতদের আমন্ত্রণ জানান এবং তাদের সঙ্গে এক কাতারে বৈঠকে বসেন সৌদির ধর্মীয় প-িতরা।
আল কায়েদার ওই বিবৃতিতে বলা হয়, ধর্মগুলোর সংহতির জন্য ওই (সৌদি) স্বৈরশাসকের জারি করা আহ্বান ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঘোষিত ক্রুসেডারদের লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ।
২০০৫ সালে আফগানিস্তানের একটি মার্কিন কারাগার থেকে পালানোর পর মাঝে মধ্যে আল কায়েদার পক্ষ থেকে এ ধরনের বিবৃতি প্রকাশ করে থাকেন আল-লিবি। এরই মধ্যে তিনি আল কায়েদার মুখপাত্র হিসেবে পরিচিতি পেয়েছেন।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.