30th Jul 2008
জোট নিরপেক্ষ দেশগুলোকে শান্তি ও ন্যায়ের বৃহৎ মোর্চা গড়ে তুলতে হবে : আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ জোট নিরপেক্ষ দেশগুলোকে শান্তি ও ন্যায়ের বৃহৎ মোর্চা গড়ে তোলার আহবান জানিয়েছেন । তিনি আজ তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম বৈঠকের উদ্বোধনী ভাষণে এই আহবান জানান। জনাব আহমাদিনেজাদ বলেন, ন্যামভুক্ত দেশগুলোকে নিয়ে শান্তি ও ন্যায়ের মোর্চা গঠন করা হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সংকট প্রতিহত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে । ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যামের রয়েছে অগ্রবর্তী ভূমিকা পালনের ক্ষমতা । তিনি বলেন, ন্যামভুক্ত দেশগুলো বৃহৎ শক্তিবর্গের আগ্রাসন প্রতিহত করার এবং বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে পারে ।
ন্যামভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি যৌথ অর্থ তহবিল গঠনের প্রস্তাব দেন । জনাব আহমাদিনেজাদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিশ্বের কোনো কোনো শক্তি জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করছে । আর তার ক্ষতিকারক প্রতিক্রিয়ার শিকার হচ্ছে বিশ্বের দরিদ্র দেশগুলো । দরিদ্রতা, শিক্ষা এবং স্বাস্থ্যজ্ঞানের অভাবে এইডসের মতো সংক্রামক রোগের বিস্তার ঘটছে বলে তিনি জানান । তিনি বলেন, এই সব রোগের মূল কারণ অন্বেষণ করতে গেলে প্রথমেই আমাদের স্বীকার করতে হবে বৃহৎ শক্তিগুলোর গড়ে তোলা অর্থনৈতিক অবকাঠামো এবং বিশ্বে বর্তমানে বিরাজমান অকার্যকর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ফলই হলো এ সব । ইরানের প্রেসিডেন্ট বলেন, বৃহৎ শক্তিগুলো তাদের রাজত্বের শেষ পর্যায়ে এসে গেছে । গত কয়েক বছর ধরে অবৈধ মাদকের উৎপাদন বৃদ্ধির প্রতি ইংগিত করে তিনি বলেন, বৃহৎ শক্তিবর্গ এবং তাদের মিত্রদের যে সব স্থানে সামরিক উপস্থিতি রয়েছে সে সব স্থানেই এই মাদক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তিনি তার ভাষণে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা আইসিসির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আইসিসি কোনো দেশের অধিকার রক্ষা করার বদলে কোনো কোনো শক্তির দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে । #
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.