31st Jul 2008
তুরস্কে নিষিদ্ধ হয়নি ক্ষমতাসীন : এ কে পার্টি
তুরস্কের সাংবিধানিক আদালত ইসলামি কর্মকাণ্ডের জন্য ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ না করে দলটিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসি,রয়টার্স ও টিডিএন জানায়, এ কে পার্টির বিরুদ্ধে দেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের শর্ত ভঙ্গ করে ইসলামপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছিল। তবে দলটি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে তুরস্কে কয়েক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ কে পার্টিকে নিষিদ্ধ করতে হলে আদালতের ১১ জন বিচারকের মধ্যে অন্তত পক্ষে সাতজনের সম্মতির প্রয়োজন ছিল। কিন্তু ৬ বিচারক এ কে পার্টি নিষিদ্ধের পক্ষে এবং পাঁচজন বিপক্ষে থাকায় দলটি নিষিদ্ধ করা সম্ভব হয়নি।
সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট হাশেম কিলাজ আদালতের রায় ঘোষণা দিয়ে বলেন, সাতটি হ্যাঁ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু তা না পাওয়াতে নিষেধাজ্ঞা জারি হলো না। এর পরিবর্তে এ বছর এ কে পার্টির রাজস্ব তহবিলের অর্ধেক জরিমানা হিসেবে আদায় করা হবে।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.