01st Aug 2008
বাংলাদেশে টাটার প্রস্তাব প্রত্যাহার
ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গোষ্ঠী বাংলাদেশে তাদের তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ।
টাটা গোষ্ঠী বলছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রকল্পের জন্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পেয়ে তাঁরা এই পদক্ষেপ নিলেন। টাটা গোষ্ঠী বাংলাদেশে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলো দুহাজার চার সালের অক্টোবর মাসে। তারপর থেকে দফায় দফায় তারা বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়েছে।
বাংলাদেশে টাটা গোষ্ঠীর বিনিয়োগ প্রকল্পের প্রধান মি.মাঞ্জার হোসেইন বলছেন পঁচিশ বছরব্যাপী এই প্রকল্পে প্রয়োজন হতো প্রায় দুই ট্রিলিয়ন ঘনফীট গ্যাস। মাঞ্জার হোসেইন আরো বলেন তাঁদের বলা হয়েছিলো পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে কথাবার্তা বলবে। বর্তমান সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করে তাঁরা ইতিবচক সাড়া পাননি। ভবিষ্যতের জন্যে কোনো আশার আলোও তাঁরা দেখতে পাচ্ছেন না। মি.মাঞ্জার হোসেইন জানান তাঁদের সিদ্ধান্ত তাঁরা একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডকে বৃহষ্পতিবার সকালে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশে বিভিন্ন সম্পদ যখন বিদেশী বিনিয়োগকারীদের প্রয়োজনমতো সরবরাহ করা সম্ভব হবে তখন আরো বিনিয়োগ প্রস্তাব আসবে বলে তিনি আশাবাদী।
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.