01st Aug 2008

আনোয়ার ইব্রাহিম স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করবেন

মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম তার স্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন করে দীর্ঘদিন পর আবার পার্লামেন্টে আসার প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারমাতাং পাউ আসন থেকে পদত্যাগ করেন। এপি, এএফপি।
আনোয়ারের স্ত্রী গতকাল তার পদত্যাগের কথা স্বীকার করে বলেন, পার্লামেন্টের ওই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তার স্বামীর উপনির্বাচনে অংশগ্রহণে সুযোগ সৃষ্টির জন্য। গত মার্চের নির্বাচনে ওয়ান আজিজাহ এই আসনে বিপুল ভোটে বিজয়ী হন।

 

পারমাতাং পাউ আসনটি গত ৩০ বছর ধরেই আনোয়ারের শক্ত রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকেই তিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল আনোয়ার সাংবাদিকদের বলেন, পারমাতাং পাউ হচ্ছে আমার প্রকৃত নির্বাচনী এলাকা। আমি এটাকেই আমার নিরাপদ আসন মনে করি। এখান থেকেই আমি আবার পার্লামেন্টে গিয়ে জাতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে ভূমিকা রাখতে চাই। আমাদের লক্ষ্য মালয়েশিয়ায় নতুন সূর্যোদয় ঘটানো। তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আস্খা ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্খা নিতে হবে। আনোয়ারের স্ত্রী বলেছেন, আগামীতে সরকার গঠনের যে লক্ষ্য বিরোধী দলের সামনে রয়েছে তা পূরণের জন্য তার এই পদত্যাগ সম্পর্কিত এবং সমগ্র মালয়েশিয়ার জন্যই এটি একটি সঠিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সম্ভবত আগামী সপ্তাহে উপনির্বাচনের তারিখ ঘোষণা করবে। আগামী ৬০ দিনের মধ্যে অবশ্যই এই আসনে উপনির্বাচন করতে হবে। এ দিকে নতুন করে আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উথাপনের পর তার রাজনৈতিক জীবন আবারো হুমকির মুখে পড়তে পারে। নতুন করে সমকামিতা মামলা সম্পর্কে আনোয়ার বুধবার কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, সরকার এই মামলায় অভিযোগপত্র দিতে পারে। মালয়েশিয়ায় যেখানে হাজার হাজার গুরুতর অপরাধের মামলার কোনো তদন্তই হচ্ছে না সেখানে তার মামলাটি বিশেষ গুরুত্বের সাথে এগিয়ে নেয়া হচ্ছে। সরকার চায় আমি ময়দান ছেড়ে চলে যাই। কিন্তু আমি যাব না। শেষ পর্যন্ত দেখে ছাড়ব আমি।

 

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.