09th Aug 2008
জর্জিয়া ও রাশিয়ার সঙ্কট চরমে
জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জর্জিয়া ও রাশিয়ার সংঘর্ষ ক্রমশঃ পুরোপুরি যুদ্ধের আকার ধারণ করছে - যা গোটা বিশ্বের কাছে চরম দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরী অধিবেশনে আপাতত যুদ্ধবিরতি কার্যকর করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শুক্রবার আলোচনায় কোনো ফল পাওয়া যায় নি৷ শনিবার আবার বৈঠক বসার কথা৷
দক্ষিণ ওসেটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে শুক্রবার ভোরে জর্জিয়ার সেনাবাহিনী অভিযান শুরু করে৷ এরপর রাশিয়া ঐ এলাকায় নিজস্ব নাগরিকদের সুরক্ষার জন্য আরও সৈন্য পাঠানো শুরু করে৷ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়ে দিয়েছেন, রুশ নাগরিকদের সুরক্ষার জন্য তিনি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত৷ তবে সংঘর্ষ শুধু দক্ষিণ ওসেটিয়ায় সীমাবদ্ধ নেই - কৃষ্ণ সাগরের পোটি বন্দর ও সেনাকিতে এক সামরিক ঘাঁটির উপর রুশ বোমারু বিমান হামলা চালিয়েছে বলে জর্জিয়া দাবি করেছে৷ জর্জিয়ার প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি শীঘ্রই জরুরী অবস্থার ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে৷
রাশিয়া ও জর্জিয়া - দুই পক্ষই পরস্পরকে বর্তমান এই সঙ্কটের জন্য দায়ী করছে৷ রাশিয়ার অভিযোগ, জর্জিয়ার সৈন্যরা ইচ্ছা করে দক্ষিণ ওসেটিয়ায় মোতায়েন করা রুশ শান্তিবাহিনীর উপর হামলা চালিয়েছে৷ অন্যদিকে জর্জিয়ার দাবি, সেদেশ রাশিয়ার আগ্রাসনের মুখে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, যে জর্জিয়ার সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনী রাজধানী শহরের উত্তরে প্রবেশ করেছে৷
চলমান সংঘর্ষের ফলে প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুয়ায়ী কমপক্ষে ১,৪০০ মানুষের মৃত্যু ঘটেছে৷ আন্তর্জাতিক রেড ক্রস উপদ্রুত এলাকায় কাজ চালিয়ে যেতে দুই পক্ষের কাছে এক নিরাপদ করিডর সৃষ্টি করার আবেদন জানিয়েছে৷
মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উদ্দেশ্যে জর্জিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার এবং দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা প্রত্যাহার করার ডাক দিয়েছে৷ বেজিং-এ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনের সঙ্গে জর্জিয়ার সঙ্কটের বিষয়ে আলোচনা করেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিসা রাইস জানিয়েছেন, ঐ অঞ্চলে বিশেষ মার্কিন দূত পাঠানোর তোড়জোড় চলছে৷ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্যার্না কুশনার সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছেন৷
সঞ্জীব বর্মন
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.