10th Aug 2008

নির্বাচনে কারচুপির অভিযোগ

বাংলাদেশের চারদলীয় জোট আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ অন্যান্য আটক নের্তৃবৃন্দের মুক্তির দাবিতে রাজধানীতে যে সমাবেশ করেছেন সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক কারচুপি করে তাদের ভাষায় একটি বিশেষ দলকে জয়লাভের সুযোগ করে দেয়া হয়েছে।
পাশাপাশি, আজ এ সমাবেশ থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে।

ঢাকা থেকে সংবাদদাতা শেখ সাবিহা আলম জানাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনে চারটি সিটি কর্পোরেশনেই আওয়ামী লীগের জয়লাভের পর বিভিন্ন পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে চারদলীয় জোটের সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলেও আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে কোন বক্তব্য আসেনি।

আজই রাজধাণীতে চারদলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রথমবারের মত এ ব্যাপারে বক্তব্য আসে বিএনপি, জামাআত সহ চারদলীয় জোটের আন্যান্য শরিকদের পক্ষ থেকে ।

আজকের সমাবেশেও বক্তারা বলেছেন যে যাঁরা বিএনপি’র পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাঁরা দলের মনোনয়ন নিয়ে করেননি।

তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আজ প্রথমবারের মত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন যে নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে সরকার যাঁদের জয়যুক্ত করতে চেয়েছেন তাদের পক্ষে কাজ করিয়েছেন।

এদিকে জোটের অন্যতম শরিক জামায়েত-ই-ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও দাবি করেছেন যে তাঁরা এ নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং যাঁরা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছে তাঁদের কে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ভবিষ্যতে আদালত এ নির্বাচনকে অবৈধ ঘোষণা করবেন৻

এছাড়া অন্যান্য জোটের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বলেছেন রাজশাহী, খুলনা ও বরিশালের আটক তিন সাবেক মেয়র কে মুক্তি দিলে আওয়ামী লীগের পক্ষে তাঁদের ভাষায় নির্বাচনে জয়লাভ করা অসম্ভব ছিল।

খালেদা জিয়াসহ জোটের অন্যান্য আটক নের্তৃবৃন্দের মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশ থেকে সরকারকে আজ বেগম জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য ৭২ ঘন্টার একটি আলটিমেটাম দেয়া হয়েছে।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.