12th Aug 2008

মুক্তি পাওয়ার পরই বেগম খালেদা জিয়া ভোটার হতে চান: ডিআইজি প্রিজন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারও ভোটার হন নি। এর ফলে আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে জটিলতা দেখা দিল। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ও কারা কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য বিশেষ আদালতে যান। পরে আদালত থেকে বের হয়ে ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া ভোটার হননি। তিনি বলেন, মুক্তির পরই বেগম খালেদা জিয়া ভোটার হবেন বলে জানিয়ে দিয়েছেন । বেগম খালেদা জিয়া বলেছেন, কারাগারে থেকে তিনি ভোটার তালিকায় নাম তুলবেন না। এর আগেও কারাবন্দি বেগম খালেদা জিয়াকে ভোটার করার উদ্যোগ নিয়েছিল কারা কর্তৃপক্ষ । কিন্তু কারাবন্দি থাকা অবস্থায় তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে অস্বীকার করেন। অবশেষে বেগম খালেদা জিয়া তার আগের সিদ্ধান্তেই অটল থাকলেন ।

এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সোমবার ঢাকা সিটির ভোটার তালিকায় নাম নিবন্ধনের শেষ দিন। যদি কেউ এই সময়ের মধ্যে নাম অন্তর্ভূক্ত না করেন তবে এবার আর ভোটার হবার সুযোগ থাকবে না। তিনি আরো জানান, কেউ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছাত্রদল নেতৃবৃন্দ দাবি করেন, বিএনপি মহাসচিব ঘোষিত ৭২ ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে নামবে ছাত্রদল কর্মীরা। অন্যদিকে সংস্কারপন্থী নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আল্টিমেটাম দেয়া ঠিক হয় নি। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.