12th Aug 2008

মোশাররফকে হটাতে পার্লামেন্ট বসেছে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ইমপিচ করার অভিপ্রায়ে গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটের অধিবেশন আগে থেকেই চলছে। প্রেসিডেন্টকে সফলভাবে ইমপিচ করার আগ পর্যন্ত পার্লামেন্টের উভয়কক্ষের এই অধিবেশন চলবে। অধিবেশন বসার একদিন আগে মোশাররফকে সসম্মানে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের এমপিরা। পদত্যাগ না করলে ইমপিচের প্রক্রিয়া শুরু হবে।অপরদিকে, পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মোশাররফকে ক্ষমতায় থাকার অযোগ্য বলে একটি প্রস্তাব পাস হয়েছে। দেশের সবচে ক্ষমতাশালী এই প্রাদেশিক পরিষদের সদস্যরা ৩২১ ভোটে প্রস্তাবটি পাস করে। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৫টি।

কিন্তু প্রেসিডেন্ট মোশাররফ পদত্যাগ করবেন না বলে সরাসরি ঘোষণা করেছেন। মোশাররফ বলেছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে ইমপিচ করার চেষ্টা করা হচ্ছে তার সবগুলো মিথ্যা প্রমাণ করে ছাড়বেন। ইমপিচ প্রসঙ্গ ওঠার পর এই প্রথমবার তার পক্ষ থেকে মন্তব্য করা হল। তবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সিনিয়র মন্ত্রী বশির আহমেদ বিলাউর বলেছেন, ইমপিচ হবার আগেই মোশাররফ পদত্যাগ করবেন। এদিকে পদত্যাগ করলে কিংবা ইমপিচ হলে মোশাররফ যাতে সম্মানের সাথে পাকিস্তানে থাকতে পারেন তার নিশ্চয়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। খবর পিটিআই, জিও টিভি, এপি ও ওয়েবসাইটের।

কোন অবস্থাতে পদত্যাগ করব না, মোশাররফের এমন দৃঢ় সংকল্পের মুখেই গতকাল শুরু হয়েছে জাতীয় পরিষদের অধিবেশন। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদের অধিবেশন বসার আগে গতকাল ক্ষমতাসীন দলের সদস্যরা বৈঠক করে বিস্তারিত আলোচনা করেন কিভাবে সফলভাবে মোশাররফকে ইমপিচ করা যেতে পারে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রেসিডেন্টকে ইমপিচ করার আগ পর্যন্ত এই অধিবেশন চালু রাখা হবে। ১০০ সদস্যের সিনেটের অধিবেশনও মুলতবি করা হবে না। পার্লামেন্টে মোশাররফের বিরুদ্ধে যে অভিযোগপত্র উত্থাপন করা হবে গতকাল সেগুলোর উপর নেতারা আলোচনা করেন। টেবিলে উপস্থাপন করার আগে আজ মঙ্গলবার এগুলো আরেকবার নিরীক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মোশাররফের সংকল্প ঃ ইমপিচ ইস্যুতে শুরু থেকে নিরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন জাতির সামনে তা মিথ্যা প্রমাণ করে ছাড়বেন। উদ্ভূত পরিস্থিতিতে মোশাররফ গতকাল পিএমএল-কিউ নেতাদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন। বৈঠকে পিএমএল-কিউ এর উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এক ঘন্টা স্থায়ী এই বৈঠকে মোশাররফ জারদারির অভিযোগগুলো নিয়ে আলোচনা করেন এবং এগুলো মিথ্যা বলে উল্লেখ করেন। সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য মোশাররফ পিএমএল-কিউ নেতাদের বলেন, ‘আমি আপনাদের হতাশ করব না। ক্ষমতাসীনরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সাথে লড়ব’। তিনি আরো বলেন, পিপিপি তার পছন্দের লোককে গুরুত্বপূর্ণ কিছু পদে বসাতে চেয়েছিল। কিন্তু আমি বাধা সৃষ্টি করায় তারা ক্ষিপ্ত হয়ে এই কাজ করছে। আত্মপক্ষ সমর্থন করার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ হাতে আছে উল্লেখ করে মোশাররফ বলেন, সময়মতো সব উপস্থাপন করা হবে।

এদিকে গতকাল মোশাররফের মুখপাত্র রশিদ কোরেশি বলেছেন, ‘প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে এমন কোন কারণ নেই। তার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা। সুতরাং তিনি পদত্যাগ করবেন না’।

 

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.