12th Aug 2008

জর্জিয়ায় পুলিশ ভবন রুশ সেনাদের দখলে

জর্জিয়ায় রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার রুশ জঙ্গি বিমানগুলো জর্জিয়ার রাজধানী তিবিলিশি এবং পার্বত্যাঞ্চলে ব্যাপক হামলা চালায়। দুই পক্ষের সেনাদের মধ্যে প্রচন্ড স্থলযুদ্ধও চলছে। রুশ সেনারা গতকাল পশ্চিমাঞ্চলীয় জর্জীয় শহর জাগদিদিতে পুলিশ ভবনগুলো দখল করে নেয়। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনী একটি জর্জীয় জাহাজ ডুবিয়ে দেয়। জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী আরেক অঞ্চল আবখাজিয়ায় শক্তি বাড়াতে রাশিয়া আরও নয় হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁদের সেনা অভিযান ভন্ডুলের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন।
জর্জিয়া কয়েক শ রুশ সেনা হত্যা ও কমপক্ষে ৮০টি রুশ বিমান ধ্বংস করার কথা দাবি করেছে। জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি গতকাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে স্বাক্ষর করেছেন। সেটি এখন রাশিয়ার কাছে পাঠানো হবে। তবে জর্জীয় সেনারা দক্ষিণ ওসেতিয়ায় গতকাল ভারী আগ্নেয়াস্ত্রের মাধ্যমে নতুন করে গোলাবর্ষণ করে বলে জানা গেছে।
রাশিয়ার জঙ্গি বিমানগুলো গতকাল জর্জিয়ায় নতুন করে হামলা চালায়। জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৫০টির বেশি রুশ জঙ্গি বিমান গতকাল জর্জিয়ার ওপর দিয়ে উড়ে যায়। এ সময় বিমানগুলো তিবিলিশিতে বোমা ফেলে। কোজোরি গ্রাম ও মাখাতা পর্বতে এসব বোমা আঘাত হানে। এ ছাড়া বিশেষ সশস্ত্র ব্যাটালিয়ন ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রেও রুশ বিমানগুলো বোমা ফেলে। গোরি নগরের বেসামরিক স্থাপনাগুলোর ওপর গতকালও বিমান হামলা অব্যাহত ছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, রুশ বিমান হামলার কারণে গোরি নগরের ৫০ হাজার বাসিন্দার ৮০ শতাংশই পালিয়ে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, দক্ষিণ ওসেতিয়ায় সেনা অভিযানের একটি বড় অধ্যায় শেষ হয়েছে। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শোতা উতিয়াশভিলি বলেন, জাগদিদি শহরে অভিযান চালানোর সময় রুশ সেনারা গতকাল সেখানকার সব পুলিশ ভবন দখল করে নেয়। একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, কৃষ্ণসাগরে রোববার রুশ নৌবাহিনী জর্জীয় নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দেয়। এ ছাড়া আবখাজিয়ায় সেনাশক্তি বাড়াতে আরও নয় হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া ৩৫০টির বেশি সাঁজোয়া যানও পাঠানো হবে।
জর্র্জিয়ার প্রেসিডেন্ট সাকাশভিলি গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জর্জীয় সেনারা কয়েক শ রুশ সেনাকে হত্যা ও ৮০টি বিমান ধ্বংস করেছে। দক্ষিণ ওসেতিয়ার সরকারের মুখপাত্র ইরিনা গাগলোইয়েভার উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, জর্জীয় সেনাদের হামলায় তিনজন রুশ সেনা নিহত ও ১৮ জন আহত হয়।
এদিকে জর্জীয় প্রেসিডেন্ট ইইউ-সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে স্বাক্ষর করেন বলে শোনা গেলেও গতকালই জর্জীয় সেনারা দক্ষিণ ওসেতিয়ার রাজধানী খিনভালিতে ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে। জর্জি পুখাতি নামের নগরের একজন যাজক বলেন, এ নগরে খুব উত্তেজনা বিরাজ করছে। মানবিক পরিস্িথতি ভয়াবহ। নগরের পুরো অবকাঠামো ভেঙে পড়েছে। কোথাও কোনো পানি নেই।
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সচেতনভাবে জর্জিয়ায় রাশিয়ার সেনা অভিযান ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। ইরাকে অবস্থানরত জর্জীয় সেনাদের তারা বিমানযোগে যুদ্ধক্ষেত্রে যেতে সহযোগিতা করছে। এক বিবৃতিতে পুতিন বলেন, ‘আমার খুব অনুশোচনা হচ্ছে যে আমাদের কিছু অংশীদার আমাদের সহযোগিতা করছে না বটে, তবে আমাদের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’ সুত্র: এপি, এএফপি ও বিবিসি।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.