18th Aug 2008

ভারতের মুসলমানরা বৈষম্যের শিকার: শাবানা আজমি

প্রখ্যাত বলিউড অভিনেত্রী, উন্নয়নকর্মী ও সাবেক এমপি শাবানা আজমি ভারত সরকারের বিরুদ্ধে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার মতো গুরুতর অভিযোগ এনেছেন। শাবানা বলেছেন, অন্যান্য দেশের তুলনায় ভারতে মুসলমানরা তাদের নাগরিক অধিকার মোটামুটিভাবে ভোগ করতে পারলেও এখানকার গণতন্ত্র এখনও বহুলাংশে বৈষম্যমূলক। টাইমস অব ইন্ডিয়া, আইএএনএম।আর সেই বৈষম্যের শিকার হচ্ছেন মুসলমানরা। একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শাবানা আজমি অভিযোগ করেন, তিনি মুম্বাইতে একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন। কিন্তু মুসলমান হওয়ার ‘অপরাধে’ তাকে সেখানে ফ্ল্যাট কেনার অনুমতি দেয়া হয়নি। সাঈফ আলী খানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি বলেন, মুসলমান হওয়ার জন্য যদি শাবানা আজমি, জাভেদ আখতারকে (শাবানার স্বামী ও প্রখ্যাত গীতিকার) মুম্বাইয়ে বাড়ি করতে দেয়া না হয় তাহলে সেখানে সাধারণ মুসলমানদের অবস্থা কি তা বোঝাই যায়। শাবানা বলেন, কাশ্মীরে যা ঘটছে তা সরকারের মুসলিমবিদ্বেষী মনোভাবেরই বহিঃপ্রকাশ। সেখানে নিরাপত্তাকর্মীদের গুলিতে মুসলমানদের নিহত হওয়ার ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলমানদের মৌলবাদী নেতৃত্ব থেকে বেরিয়ে উদারপন্থী ধর্মচেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্যও আহ্বান জানান। শাবানা বলেন, ভারতের মুসলমানরা একজন শাহরুখ খান, একজন ইরফান পাঠান, এমনকি রাষ্ট্রপতিও হওয়ার আকাক্সক্ষা করতে পারেন। এখানকার গণতন্ত্র তাদের সে সুযোগ দিয়েছে। কিন্তু এ উদাহরণগুলোকে এখন স্রেফ প্রতীকী সুযোগ বলে মনে হচ্ছে। অর্থাৎ প্রতীকীভাবে মুসলমানদের মধ্য থেকে দু-একজনকে সুযোগ দিয়ে সাধারণ মুসলমান জনতার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এতে ভারতীয় গণতন্ত্রের একপেশে নীতিই ফুটে উঠছে বলে তিনি অভিযোগ করেন।

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.