25th Sep 2008
ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ গ্রহীতার স্বর্ণের চেইন নিয়ে গেছে এনজিওকর্মী
ক্ষুদ্র ঋণের কিস্তি শোধ করতে না পারায় বান্দরবানে এক এনজিওকর্মী ঋণগ্রহীতার মোবাইল ফোন ও স্বর্ণের চেইন চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল জেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারের নামারপাড়া এলাকায়। ঘটনার পর ওই ঋণগ্রহীতার স্বামী স্থানীয় ইউপি মেম্বার বিষয়টি নিয়ে গ্রামীণ ব্যাংকে ম্যানেজারের কাছে অভিযোগ দিয়েছেন। রাজবিলা ইউনিয়নের বাঘমারা নামারপাড়ার ইউপি মেম্বার চিত্তরঞ্জন চাকমার স্ত্রী শুইনেপ্রু মার্মা কয়েক দিন আগে গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৫ হাজার টাকা ঋণ নেন। ঋণের ২ হাজার টাকা শোধ করতে না পারায় ওই এনজিও’র মাঠকর্মী তুইহিন চাকমা বাড়িতে এসে কৌশলে শুইনেপ্রুর মোবাইল সেট ও প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। শুইনেপ্রুর স্বামী ইউপি মেম্বার জানান, মাঠকর্মী যখন তার বাসায় আসে সে সময় তার স্ত্রী রান্না ঘরে ছিলেন। মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যাওয়ার পর মাঠকর্মী স্থানীয় ম্যানেজারের কাছে জমা দিলেও স্বর্ণের চেইনটি জমা দেয়নি বলে ওই জনপ্রতিনিধি জানান। ঘটনার পর থেকে ওই মাঠকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ দিকে স্থানীয় ম্যানেজার মোবাইল সেটটি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ঋণের টাকা পরিশোধ করলে সেটটি দিয়ে দেয়া হবে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
-বান্দরবান সংবাদদাতা
আপনার মন্তব্য দিন
You must be logged in to post a comment.