24th Oct 2008

চৌদ্দগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা গতকাল সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জয়মঙ্গলপুরে এক নিরীহ বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে। গতকাল বেলা ১১টায় বিডিআর ও বিএসএফ’র মধ্যে এক দফা ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যা ৬টায় বিএসএফ নিহত কৃষক আনোয়ার হোসেনের লাশ ফেরত দেয়। 
বিডিআর জানায়, চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় শিবেরবাজার বিডিআর ফাঁড়ির অধীন ভারতীয় সাবপিলার ৯৭/এস-এর অদূরে সকাল ৭টায় বিএসএফ উজিরপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনা মিয়াকে (৩৮) গুলি করে হত্যা করে। এ সময় আনোয়ার ঘাস কাট ছিলেন। বিএসএফ বিনা উসকানিতে আনোয়ারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় বিএসএফ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে আনোয়ারের লাশ ভারতে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বিডিআর’র ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল নকিবুর ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেলা ১১টায় বিডিআর’র আহ্বানে বিডিআর ও বিএসএফ’র মধ্যে জয়মঙ্গলপুর গ্রামে প্রথম দফায় ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিডিআর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে। বৈঠক সূত্র জানায়, গুলিতে নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় দফা ফ্লাগ মিটিংয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তে বিএসএফ বিডিআর’র কাছে আনোয়ারের লাশ হস্তান্তর করে।

-কুমিল্লা সংবাদদাতা

আপনার মন্তব্য দিন

You must be logged in to post a comment.